কলকাতা: ৩ মে নয়, মে মাসের শেষ পর্যন্ত লকডাউন চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে মে মাসের শেষ পর্যন্ত লকডাউন সংক্রান্ত সব বিধি-নিষেধ চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
বুধবার নবান্নে এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ৩ মে-র পরেও লকডাউন বাড়ছে বলেই ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্য করোনা পরিস্থিতির এখন উন্নতি হয়নি। সেই কারণেই পরিস্থিতির পর্যালোচনা করেই লকডাউন চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বুধবার নবান্নে বিষয়টির উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এখনও পরিস্থিতি উন্নতি হয়নি।
একদিনে কোনও রোগ শেষ হয় না। চরিত্র বদলায়। আপাতত বাড়িতে থাকুন। বাইরে বের হবেন না। মাস্ক পরে থাকুন। লকডাউন মেনে চলুন।’
মুখ্যমন্ত্রীর কথা থেকেই পরিস্কার যে বাংলায় ৩ মে-র পরেও লকডাউন বাড়ছেই। করোনার সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতেই এই সিদ্ধান্ত প্রায় পাকা করে ফেলেছে রাজ্য সরকার। দেশে লকডাউন ঘোষণার আগেই সংক্রমণ ছড়ানো রুখতে বাংলায় লকডাউন ঘোষণা করা হয়। এদিন সেই কথাটিও মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
তবে লকডাউন বাড়ানোর ইঙ্গিত দিলেও অর্থনৈতিক পরিস্থিতির কথা বিচার করে বেশ কিছু ক্ষেত্রে আগামী সোমবার থেকে ছাড় দেওয়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সোমবার থেকেই পাড়ায়-পাড়ায় ছোট দোকান খোলা যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
সামাজিক দূরত্ব মেনে গ্রিন জোনগুলিতে পাড়ায়-পাড়ায় ছোট দোকান খোলা যাবে। মার্কেট কমপ্লেক্সে নয় এমন ছোট দোকানগুলি সোমবার থেকে খোলা যাবে বলে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
একইসঙ্গে বাসমালিক ও কর্মীদের স্বার্থের কথা বিচার করে সোমবার থেকে গ্রিন জোনগুলিতে বেসরকারি বাস পরিষেবা চালু করা যাবে বলেও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। গ্রিন জোনে সোমবার থেকেই চলবে বেসরকারি বাস। তবে বাস চললেও ২০ জনের বেশি যাত্রী নেওয়া যাবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জেলার মধ্যেই বাস চলাচল করতে পারবে। সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে সামাজিক দূরত্ব মেনেই বাসে যাতায়াত করতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এখানে আপনার মন্তব্য রেখে যান