কলকাতা: লকডাউনের কারণে ভিনরাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ফেরাতে আরও আটটি ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে বলে নবান্নে সূত্রে খবর। আটকে পড়া শ্রমিকদের ফেরানো নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ করেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এর পরই প্রায় ৩০ হাজার পরিযায়ী শ্রমিককে ফেরানোর তৎপরতা তুঙ্গে বলে জানা গিয়েছে।

পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে পশ্চিমবঙ্গ সরকার আশানুরূপ সাহা্য্য করছে না, এই অভিযোগ জানিয়ে শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এর পরই জানা যায়, আরও আটটি ট্রেনে পরিযায়ী শ্রমিকদের তালিকা সম্বলিত আবেদন রেলমন্ত্রকের কাছে পাঠিয়ে দিয়েছে রাজ্যে। কোন ট্রেনে কোথা থেকে কতজনকে ফেরানো হবে, সে বিষয়েই বিস্তারিত তালিকা পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

সরকারি সূত্রে খবর, রেলমন্ত্রক আবেদন মঞ্জুর করলেই আগামী ৯, ১০ এবং ১১ মে ট্রেনগুলি যাতায়াত করবে। এই তিন দিনের প্রথম দিনে বেঙ্গালুরু থেকে একটি ট্রেন বাঁকুড়ায় উদ্দেশে যাত্রা শুরু করবে। ওই ট্রেনে ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার প্রায় ১,৮০০ জনকে ফেরানো হবে। দ্বিতীয় ট্রেনটি বেঙ্গালুরু থেকে নিউ জলপাইগুড়িতে পৌঁছাবে। এই ট্রেনটিতে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার এবং কালিম্পংয়ের প্রায় ৩,৮০০ জনকে ফেরানো হবে। তৃতীয় ট্রেনটি বেঙ্গালুরু থেকে আসবে পুরুলিয়ায়। এই ট্রেনটিতে পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানের প্রায় ২,০০০ শ্রমিককে নিয়ে আসা হবে।

এর পরদিন ১০ মে জলন্ধর থেকে ছেড়ে একটি ট্রেন ব্যান্ডেল পৌঁছাবে। ওই ট্রেনে হুগলি ও নদিয়ার ১৩০০ জন থাকবেন। তার পরে ১১ মে তিনটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে নবান্ন। এগুলির মধ্যে দু’টি ট্রেন ভেলোরে চিকিৎসা করতে গিয়ে আটকে পড়া পশ্চিমবঙ্গের মানুষকে রাজ্যে ফেরাবে। এ ছাড়া ভেলোর থেকে আরও একটি ট্রেন হাওড়ায় আসবে বর্ধমান, উত্তর ২৪ পরগনার বাসিন্দাদের নিয়ে।

অন্য একটি ট্রেন ফিরবে খড়গপুরে। সেটিতে পূ্র্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি, দক্ষিণ ২৪ পরগনার আটকে পড়া মানুষকে ফেরানো হবে। ওই দিনেই আর একটি ট্রেন চণ্ডীগড় থেকে দুর্গাপুরে পৌঁছাবে। সেটাতে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের আটকে পড়া মানুষ রাজ্যে ফিরে আসবেন।

এখানে আপনার মন্তব্য রেখে যান

Design a site like this with WordPress.com
শুরু করুন