আগামী ২৫ মে ইদ। ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠানের কথা ভেবে রাজ্য সরকার যাতে লকডাউন শিথিল না করে এবং তা যেন ৩০ মে পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়, এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল ইমামদের সংগঠন বেঙ্গল ইমামস অ্যাসোসিয়েশন।

ওই চিঠিতে ইমামদের সংগঠনটি লিখেছে, “ইদের কথা মাথায় রেখে সরকার লকডাউন শিথিল করার কথা ভাবতে পারে। আমরা ইমামস অ্যাসোসিয়েশন আপনার কাছে অনুরোধ করছি, লকডাউন বাড়িয়ে দিন। অন্তত ৩০ মে পর্যন্ত বাড়িয়ে দিন।”

শুধু তাই নয়। ইমামস অ্যাসোসিয়েশন আরও লিখেছে, “মানুষ আগে বাঁচুক, পরে উৎসব। আমরা এত স্যাক্রিফাইস করেছি, আরও করব। আমাদের উৎসবের দরকার নেই।” অন্য দোকানপাট কেন খোলা হল, সে ব্যাপারে পুলিশ কেন কিছু বলল না এসব নিয়ে কোনও প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রীকে বিব্রত করা হবে না বলেও জানিয়েছেন ইমামরা।

আগামী ১৭ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তৃতীয় দফার লকডাউনের পর কেন্দ্র যদি তা তুলেও নেয়, রাজ্য সরকার যেন লকডাউন জারি রাখে তার আর্জি জানিয়েছে ইমামদের সংগঠনটি। সেইসঙ্গে মুখ্যমন্ত্রীর উদ্দেশে তাঁরা লিখেছেন, রাজ্য যেন কেন্দ্রের কাছে দাবি জানায় লকডাউন জারি রাখতে।

প্রসঙ্গত, লকডাউন পর্বের শুরু থেকেই ইতিবাচক ভূমিকা নিয়েছে বেঙ্গল ইমামস অ্যাসোসিয়েশন। কখনও মসজিদ কমিটিগুলিকে চিঠি দিয়ে বলেছে দরজা বন্ধ করে দিন। সাধারণ মুসলমান সম্প্রদায়ের মানুষের উদ্দেশে তাঁদের পরামর্শ ছিল, বাড়িতে থেকেই নামাজ পড়ুন।

সবে বরাত এবং রমজান মাস শুরুর আগেও লকডাউন যাতে কঠোর ভাবে মানা হয় তার জন্য বিবৃতি জারি করেছিল বেঙ্গল ইমামস অ্যাসোসিয়েশন। তা ছাড়া লকডাউনের মধ্যে বেশ কয়েকটি জায়গা থেকে অভিযোগ এসেছিল, বিধিনিষেধ না মেনেই চলছে নামাজ পড়া। সেই সময়ে একটি বিবৃতিতে বেঙ্গল ইমামস অ্যাসোসিয়েশন লিখেছিল, গুটিকয়েক লোকের জন্য সমগ্র মুসলিম সম্প্রদায়ের বদনাম হচ্ছে। সেই সুযোগে কেউ কেউ ঘৃণা ছড়াচ্ছে। এদিন ফের একবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে ইমামস অ্যাসোসিয়েশন বোঝাতে চাইল, কোনও গোঁড়ামিকে তাঁরা প্রশ্রয় দেবেন না। আগে মানব সমাজের অস্তিত্ব তারপর ধর্মীয় উৎসব।

এখানে আপনার মন্তব্য রেখে যান

Design a site like this with WordPress.com
শুরু করুন