#কলকাতা: হাওড়া থেকে দিল্লির মধ্যে যাতায়াতকারী বিশেষ ট্রেনের সময়সূচি ঘোষণা করল রেল৷

জানা গিয়েছে, হাওড়া থেকে মঙ্গলবার বিকেল ৫.০৫ মিনিটে নয়াদিল্লিগামী এসি স্পেশ্যাল ট্রেন ছাড়বে৷ প্রতিদিনই ওই সময়ে হাওড়া স্টেশন থেকে ছাড়বে এই ট্রেন৷ পরদিন সকাল দশটায় নয়াদিল্লি পৌঁছবে ট্রেনটি৷

অন্যদিকে বুধবার বিকেল ৪.৫৫ মিনিটে নয়াদিল্লি স্টেশন থেকে রওনা দেবে হাওড়াগামী ট্রেন৷ পরদিন সকাল ৯.৫৫ মিনিটে সেই ট্রেন হাওড়ায় এসে পৌঁছবে৷ ট্রেনটিতে এস থ্রি টায়ার, টু টায়ার এবং এসি ফার্স্ট ক্লাস কামরা থাকবে৷ যাত্রাপথে আসানসোল, ধানবাদ, গয়া জংশন, পণ্ডিত দিনদয়াল উপাধ্যায় জংশন, প্রয়াগরাজ জংশন এবং কানপুর সেন্ট্রাল স্টেশনে থামবে ট্রেনটি৷

বিশেষ এই ট্রেনের ভাড়া রাজধানী এক্সপ্রেসের সমান হবে, তবে কোনও ক্যাটারিং চার্জ নেওয়া হবে না৷ প্রয়োজনে যাত্রীরা ট্রেনের মধ্যে থেকে খাবার এবং জল কিনে খেতে পারবেন৷ যাত্রীদের কোনও কম্বল বা চাদরও দেওয়া হবে না৷ যাত্রার সর্বাধিক সাতদিন আগে ট্রেনের টিকিট কাটা যাবে৷ এই ট্রেনের জন্য কোনওরকম তৎকাল, প্রিমিয়াম তৎকাল, আরএসি বা ওয়েটিং লিস্ট টিকিট থাকছে না৷ টিকিট সংরক্ষণের ক্ষেত্রে কোনও রকম কোটাও থাকছে না ট্রেনগুলিতে৷

যাত্রা শুরুর চব্বিশ ঘণ্টা আগে পর্যন্ত ট্রেনের টিকিট বাতিল করতে পারবেন যাত্রীরা৷ সেক্ষেত্রে টিকিটের দামের পঞ্চাশ শতাংশ ফেরত দেওয়া হবে৷ ট্রেনের মধ্যে যাত্রীদের মাস্ক পরতে হবে এবং সামাজিক দূরত্ব মেনে চলতে হবে৷

এখানে আপনার মন্তব্য রেখে যান

Design a site like this with WordPress.com
শুরু করুন