
নয়াদিল্লি: করোনা পরিস্থিতিতে অর্থ সাহায্যের জন্য PM CARES ফান্ডের কথা আগেই ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেই ফান্ড থেকে বিভিন্ন খাতে দেওয়া হচ্ছে অর্থ। বুধবার প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, মোট ৩১০০ কোটি টাকা দেওয়া হয়েছে বিভিন্ন খাতে।
২০০০ কোটি টাকা দেওয়া হয়েছে ভেন্টিলেটর কেনার জন্য। ১০০০ কোটি টাকা দেওয়া হয়েছে পরিযায়ী শ্রমিকদের জন্য ও ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে ভ্যাক্সিন তৈরির জন্য।
গত ২৭ মার্চ ওই ফান্ড তৈরি করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই ফান্ড তৈরি হয়। অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও অর্থমন্ত্রী। মঙ্গলবার ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করার সময়ই প্রধানমন্ত্রী ওই ফান্ডে যারা দান করেছেন, তাদের ধন্যবাদ দিয়েছেন।
এই ফান্ডের টাকায় ভারতের তৈরি ৫০,০০০ ভেন্টিলেটর কেনা হবে। যার জন্য খরচ হবে ২০০০ কোটি। সব রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে সেই ভেন্টিলেটর দেওয়া হবে।
পরিযায়ী শ্রমিক ও দরিদ্র নাগরিকদের জন্যও এই ফান্ড থেকে টাকা খরচ হবে। রাজ্যগুলিকে মোট ১০০০ কোটি টাকার সাহায্য দেওয়া হবে। সেই টাকা দিয়ে পরিযায়ী শ্রমিকদের থাকা, খাওয়ার ব্যবস্থা ও চিকিৎসার বন্দোবস্ত করা হবে।
আরো খবর জানতে এবং আমাদের খবরের আপডেট পেতে লাইক এবং ফলো করুন উলুবেড়িয়া টিভি পেজ।
এখানে আপনার মন্তব্য রেখে যান