
লকডাউন কার্যকর করতে গিয়ে এবার আক্রান্ত হল সিউড়ি থানার পুলিশ । শনিবার রাত দশটার সময় সিউড়ির হুসনেবাদ এলাকায় সিউড়ি থানার ওসি সুমন প্রামাণিকের নেতৃত্বে রুটিনমাফিক টহল চলছিল। সেইসময় একদল যুবকে জটলা করে গল্পগুজব করতে দেখে পুলিশ ধাওয়া করে।
পুলিশের তাড়া খেয়ে এক যুবক পড়ে গিয়ে আহত হয় । এই ঘটনার পরই দল বেঁধে পুলিশের ওপর আক্রমণ শুরু করে গ্ৰামবাসীরা । ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়ি উপর। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইঁট পাটকেল। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে যায় আইসি, ডিএসপি সমেত সিউড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। রাত থেকেই এলাকায় চলছে টহলদারি।ঘটনার সঙ্গে যুক্ত অভিযোগে রবিবার সকাল পর্যন্ত গ্ৰেপ্তার করা হয়েছে তিনজনকে।
হাওড়ার টিকিয়াপাড়ার পর সিউড়ির হুসনেবাদ এলাকায় পুলিশের আক্রমণের ঘটনায় চিন্তা বাড়িয়েছে জেলা প্রশাসনের। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে লকডাউন কার্যকর করতে আরো সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে প্রশাসন থেকে সমাজের সর্বস্তরের মানুষকে।
এখানে আপনার মন্তব্য রেখে যান