
সম্প্রতি নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে গিয়েছিল বাম প্রতিনিধি দল। সেই বৈঠকে বিমান বসুকে ‘শাসন’ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে আপ্লুত হন বিমান বসু। এক অন্যরকম রাজনৈতিক আবহ তৈরি হয় শাসক-বিরোধী দুই প্রতিদ্বন্দ্বী দলের মধ্যে। রবিবার সূর্যকান্ত মিশ্র ফের রাজ্যের পাশে থাকার বার্তা দিলেন।
সংকটকালে অযথা রাজ্যের বিরোধিতা নয়
করোনা সংক্রমণ রুখতে রাজ্য সরকার লড়াই চালাচ্ছে। এই সংকটকালে অযথা রাজ্যের বিরোধিতা না করে সিপিএম রাজ্য সম্পাদক রাজ্যের পাশে দাঁড়িয়ে কেন্দ্রের সমালোচনা করলেন। নবান্নে সেদিন যে আবহে বৈঠক হয়েছিল, এদিন সূর্যকান্তের কথায় সেই বার্তাই ফুটে উঠল।
কেন্দ্রকেই বিঁধলেন সূর্যকান্ত
রাজ্যের পাশে দাঁড়িয়ে এদিন সূর্যকান্ত মিশ্র বলেন, পরিস্থিতি সামলাতে কেন্দ্র যে অর্থ দিচ্ছে তা একেবারেই যথেষ্ট নয়। তার উপর কেন্দ্র এই সংকটকালেও নিজমাউদ্দিনের জমায়েতকে হাতিয়ার করে সাম্প্রদায়িক বিভাজনের খেলা চালাতে চাইছে। সূর্যকান্তের কথায়, এখন ব়্যাপিড টেস্টিং বেশি জরুরি, লকডাউনের চেয়েও কার্যকরী হল ব়্যাপিড টেস্টিং।
নবান্নে বৈঠকের পরই ঘুরল হাওয়া
এর আগে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্ররা। সেদিনের বৈঠক মমতা-বিমানের সৌজন্যে এক অন্য মাত্রা পেয়েছিল। বিরোধী রাজনীতি করলেও বর্তমানে করোনা আতঙ্কের মাঝে বিমান বসুকে সাবধানতা অবলম্বন করে চলতে বলেছিলেন। পাল্টা বিমান বসুও মমতাকে সাবধানে চলাফেরা করতে বলেন।
ইতিবাচক বৈঠকের পর কেন্দ্রকে একহাত
সেদিন বৈঠক শেষে বাম প্রতিনিধিরা জানান বৈঠক খুবই ইতিবাচক হয়েছে। সূর্যকান্ত মিশ্রের কাছে মমতা জানতে চেয়েছিলেন, এই পরিস্থিতিতে আর কী কী করণীয় রয়েছে, কী কী করা দরকার। সূর্যকান্ত মিশ্র তারপর বেশ কিছু প্রস্তাবও দিয়েছিলেন। এদিন সূর্যকান্ত মিশ্র রাজ্যের পাশে দাঁড়িয়েই কেন্দ্রকে এক হাত নেন।
এরকম আরো খবর জানতে চোখ রাখুন উলুবেড়িয়া টিভি
এখানে আপনার মন্তব্য রেখে যান